ডোমারে আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা


Saidpurer Alo প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ /
ডোমারে আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর ডোমারে একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

চিকনমাটি এশিয়ান হাইওয়ে এলাকায় অবস্থিত ‘সুবহানা সুপার আইসক্রিম ফ্যাক্টরি’-তে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম।

অভিযানকালে অননুমোদিত ঘন চিনি ও রঙের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অজয় রায় ও ডোমার থানার উপ-সহকারী পরিদর্শক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, ফ্যাক্টরিটির মালিক হুমায়ুন কবির তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

তিনি আরও জানান, কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল অনিয়ম দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন মালিক।