

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ও সচেতনতা কর্মসূচি উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা নিজেদের স্বরচিত লেখা নিয়ে প্রকাশ করেছেন দেয়ালিকা ‘বিপন্ন বসুন্ধরা’। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় প্রাত্যহিক সমাবেশ শেষে প্রতিষ্ঠানটির চত্বরে দেয়ালিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল। এ সময় প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এই আয়োজনে অনেক শিক্ষার্থী লেখা জমা দেন। এর মধ্যে ১৫ জনের লেখা দেয়ালিকায় স্থান পেয়েছে।
‘বিপন্ন বসুন্ধরা ’ সম্পাদনা করেছে ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মালিহা মেহজাবিন। এর সার্বিক তত্বাবধায়ন করেন জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবীর দুলাল ও সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাস। দেয়ালিকাটির অলংকরণ সহযোগী হিসেবে ছিল মেহজাবিন, মেঘলা, সানজিদা ও জেমি।
সম্পাদক মালিহা মেহজাবিন জানায়, বন্ধুদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে এমন আয়োজন। আগামীতে এ ধরনের প্রকাশনার কাজ বৃহৎ পরিসরে করা হবে।
অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল শিক্ষার্থীদের এ উদ্যোগকে খুবই আশাব্যঞ্জক উল্লেখ করে প্রকাশনার সঙ্গে জড়িত সবার প্রশংসা করে বলেন, বিপন্ন বসুন্ধরা মতো আয়োজন বর্তমান প্রজন্মকে জলবায়ু পরিবর্তনে সচেতনতা সৃষ্টির পাশাপাশি লেখালেখির প্রতি উৎসাহিত করবে এবং সৃজনশীল কাজে অনুপ্রেরণা জোগাবে।
আপনার মতামত লিখুন :