নীলফামারীতে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার


Saidpurer Alo প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ /
নীলফামারীতে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক সেবন ও সংরক্ষণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মো. মতলুবর রহমান।

ডিবি সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানাধীন ৩ নম্বর নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা জিকরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে জিকরুল ইসলাম (৩০), জহুরুল ইসলাম (২৫) ও সোহাগ (২২) নামের তিনজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।

অভিযানের সময় জিকরুল ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচ থেকে ছোট ছোট কাগজে মোড়ানো ১২ পুরিয়া হেরোইন (মোট ওজন ৩.৪৫ গ্রাম) উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ৪টি কলকি ও পাইপে পেঁচানো প্রায় ১ গজ ফয়েল পেপার জব্দ করা হয়, যা মাদক সেবনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ডিবির ওসি মো. মতলুবর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”