সৈয়দপুরে জাতীয় শিক্ষাসপ্তাহে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ৮ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব


Saidpurer Alo প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ /
সৈয়দপুরে জাতীয় শিক্ষাসপ্তাহে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ৮ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাসপ্তাহ-২০২৬ এ উপজেলা পর্যায়ে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি একাধিক বিভাগে অংশগ্রহণ করে মোট ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে নিজেদের মেধা ও দক্ষতার উজ্জ্বল স্বাক্ষর রেখেছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষাসপ্তাহের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা যায়, দেয়ালিকা প্রতিযোগিতায় খ গ্রুপ (মাধ্যমিক) ও গ গ্রুপ (কলেজ) উভয় পর্যায়েই শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতায়ও শিক্ষার্থীরা কৃতিত্বের পরিচয় দেয়। একক অভিনয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থী আদনান সরকার, লোকসংগীত ও আবৃত্তিতে তৃষা মনি দাস, লোকসংগীতে ষষ্ঠ শ্রেণির পৌলবি সরকার পিউ, উপস্থিত বক্তৃতায় দশম শ্রেণির সাদিয়া ইসলাম মিনহা এবং নাতে সারোয়ার কবির শ্রেষ্ঠ নির্বাচিত হন। দেয়ালিকা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামানিক, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।