

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বন্ধুত্বের এক ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন পাঁচ তরুণ। এক বন্ধুর অস্বস্তিকর পরিস্থিতিতে পাশে দাঁড়াতে গিয়ে সবাই মিলে মাথা ন্যাড়া করে এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন তারা।
জানা গেছে,গত শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার বড়ভিটা বাজারের একটি সেলুনে ঘটে এ ঘটনা। জানা যায়, রকি, সৌরভ, মোস্তাফিজ, সুভো ও ফিরোজ এই পাঁচ বন্ধু একসঙ্গে চুল কাটাতে সেলুনে যান। চুল কাটানোর সময় প্রথমে একজনের কাটিং প্রত্যাশামতো না হওয়ায় তিনি বিব্রত হয়ে পড়েন এবং দোটানায় পড়ে যান।
বন্ধুর সেই অস্বস্তিকর মুহূর্তে তাকে একা না রেখে অন্য চারজন তাৎক্ষণিকভাবে এক অভিনব সিদ্ধান্ত নেন। বন্ধুকে মানসিকভাবে স্বস্তি দিতে তারা সবাই মিলে মাথা ন্যাড়া করে ফেলেন। পরে পাঁচজনই একই রূপে সেলুন থেকে বের হলে উপস্থিত লোকজনের মধ্যে সৃষ্টি হয় হাস্যরস আর বিস্ময়।
বন্ধু ফিরোজ জানান, “আমরা সবাই একই এলাকায় থাকি এবং সব সময় একসঙ্গে চলাফেরা করি। বন্ধুর এমন পরিস্থিতিতে তাকে একা ছেড়ে দেওয়া সম্ভব ছিল না। তাই সবাই মিলে ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
স্থানীয় বাসিন্দা বিপ্লব বলেন, “এমন দৃশ্য আগে কখনো দেখিনি। একজন বন্ধুর জন্য অন্যদের এই ত্যাগ সত্যিই প্রশংসনীয়। এতে বন্ধুত্বের গভীরতা ফুটে উঠেছে।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজনদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে। অনেকেই এটিকে নিঃস্বার্থ বন্ধুত্বের উজ্জ্বল উদাহরণ হিসেবে অভিহিত করছেন।
আপনার মতামত লিখুন :