

সৈয়দপুরের আলোঃ নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৫ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ‘Escuf Cough Syrup’সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মতলুবর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মার্চ) দুপুরে জেলার কিশোরগঞ্জ থানাধীন দক্ষিণ বাহাগিলি (ঘোনপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয় । এ সময় প্রভাস চন্দ্র রায়ের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের ভেতরে প্লাস্টিকের বস্তায় রাখা ১০৫ বোতল Escuf Cough Syrup উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ২ হাজার টাকা হিসেবে জব্দকৃত মাদকের মোট মূল্য দাঁড়ায় ২ লাখ ১০ হাজার টাকা।
এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মতলুবর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আপনার মতামত লিখুন :