“আপনাদেরই ঘরের সন্তান” – জনতার সঙ্গে গণসংযোগে উজ্জীবিত লাঙ্গল প্রার্থী


Saidpurer Alo প্রকাশের সময় : জানুয়ারি ২৮, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ /
“আপনাদেরই ঘরের সন্তান” – জনতার সঙ্গে গণসংযোগে উজ্জীবিত লাঙ্গল প্রার্থী

সৈয়দপুরের আলোঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সকাল থেকেই জনতার ঢল নেমেছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে সৈয়দপুরের আদানিমোড় থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান তিনি। এ সময় পুরো এলাকায় ‘লাঙ্গলের হাওয়া’ বইতে দেখা যায়।

দিনের শুরু থেকেই আদানিমোড়সহ নির্বাচনী এলাকার একাধিক ওয়ার্ডে প্রার্থীর নেতৃত্বে পথসভা, লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রতিটি মোড়ে মোড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় উজ্জীবিত হওয়ার কথা জানান তিনি।

গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী বলেন, “আমি আপনাদেরই ঘরের সন্তান। আপনাদের সেবা করার স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছি। আদানিমোড়ের ব্যবসায়ী ভাইদের থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়।”

তিনি আরও বলেন, “ভোটারদের ভালোবাসা ও দোয়া আমাকে মুগ্ধ করেছে। এই ভালোবাসাই আমার চলার শক্তি।”

নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কয়েকটি অঙ্গীকার তুলে ধরেন। এর মধ্যে রয়েছে প্রতিটি ওয়ার্ডে সুষম ও পরিকল্পিত উন্নয়ন,ভয়ভীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা,সাধারণ মানুষের জন্য সবসময় উন্মুক্ত ও সহজলভ্য প্রতিনিধি হিসেবে কাজ করা।

শেষে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনের সার্বিক কল্যাণ ও উন্নয়নের স্বার্থে লাঙ্গল প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।