কিশোরগঞ্জে জাপা প্রার্থীর গণসংযোগে জনতার ঢল


Saidpurer Alo প্রকাশের সময় : জানুয়ারি ২৮, ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ণ /
কিশোরগঞ্জে জাপা প্রার্থীর গণসংযোগে জনতার ঢল

সৈয়দপুরের আলো:কিশোরগঞ্জে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর গণসংযোগে শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।গত বুধবার (২৭ জানুয়ারি) কিশোরগঞ্জের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় দিনভর গণসংযোগ শেষে ছাদুরারপুলের রাজপথে অনুষ্ঠিত হয় এক বিশাল পথসভা।জনতার কণ্ঠে তখন একটাই অঙ্গীকার উন্নয়নের প্রতীক লাঙ্গল।

কালিকাপুর চৌধুরীর বাজার ও সৈনিক নতুন বাজারে গণসংযোগ শেষে পুটিমারীর ছাদুরারপুল বাজারে আয়োজিত পথসভায় স্থানীয় জনগণের অভূতপূর্ব উপস্থিতি ও ভালোবাসায় মুগ্ধ হন নেতৃবৃন্দ।সভাস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়,যেখানে নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জাতীয় পার্টির প্রার্থী ও দলের প্রভাবশালী নেতা আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক আবেগঘন কণ্ঠে বলেন,“আমি কথা দিচ্ছি, আমার দ্বারা কখনো কারো বিন্দুমাত্র ক্ষতি হবে না।আপনারা আমার জন্য মাত্র একটি দিন কষ্ট করবেন,আর আমি আপনাদের সেবায় আগামী পাঁচটি বছর দিন-রাত পরিশ্রম করবো।”তিনি আরও অঙ্গীকার করেন, সৈয়দপুর ও কিশোরগঞ্জ এলাকার প্রতিটি রাস্তাঘাট ও অবকাঠামোর আমূল পরিবর্তন সাধন করা হবে।পাশাপাশি মাদক,চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ও নিরাপদ জনপদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পথসভা শেষে উপস্থিত সাধারণ মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন ও সুশাসনের পক্ষে থাকার আশাবাদ ব্যক্ত করেন।স্থানীয়দের মতে,এই গণসংযোগ নতুন করে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে এবং ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।