সৈয়দপুরে আবাসিক এলাকা থেকে এক পতিতাসহ ২ যুবক আটক, ১ মাসের জেল


Saidpurer Alo প্রকাশের সময় : জানুয়ারি ৬, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ /
সৈয়দপুরে আবাসিক এলাকা থেকে এক পতিতাসহ ২ যুবক আটক, ১ মাসের জেল

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা চাঁদনগর এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগে অভিযান চালিয়ে এক নারী ও দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদী ইমামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার একটি দল নয়াটোলা চাঁদনগর এলাকার এনজিও কর্মী শেলী ও পল্লী চিকিৎসক খোকন দম্পতির বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির একটি কক্ষ থেকে এক নারী ও দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক শেলী ও খোকন দম্পতি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আটক নারী আফরোজা খাতুন (২৩) সৈয়দপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্বামী পরিত্যক্তা এবং বর্তমানে উত্তরা ইপিজেডের একটি কারখানায় কর্মরত। তিনি দুই সন্তানের জননী বলেও পুলিশ নিশ্চিত করেছে।

আটক অপর দুই যুবক হলেন নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বাজার এলাকার রবিউল ইসলামের ছেলে মো. লিপন (২০) এবং একই উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে খয়রুল ইসলাম (২২)।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, শেলী ও খোকন দম্পতির বাড়িতে নিয়মিতভাবে বাইরে থেকে নারী এনে খদ্দের সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হতো। একাধিকবার নিষেধ করা হলেও তারা কোনো কর্ণপাত না করায় শেষ পর্যন্ত এলাকাবাসী পুলিশকে অবহিত করে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম রেজা জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ আদায় শেষে তিনজনকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।