গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা: হাদির স্মরণে সৈয়দপুরে তরুণদের রঙিন উচ্চারণ


Saidpurer Alo প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ /
গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা: হাদির স্মরণে সৈয়দপুরে তরুণদের রঙিন উচ্চারণ

মোঃ মারুফ হোসেন লিয়নঃ শহীদ হাদির স্মৃতি ও ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে দেয়ালে দেয়ালে রঙ ও রেখার প্রতিবাদ তুলে ধরেছে তরুণদের সংগঠন ‘দ্য রেড জুলাই (The Red July)’। নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত এই গ্রাফিতি কর্মসূচিতে শিল্পের ভাষায় প্রকাশ পেয়েছে শোক, প্রতিবাদ ও পরিবর্তনের প্রত্যাশা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর ফাইভ স্টার মাঠসংলগ্ন সড়কের পাশের দেয়ালজুড়ে পরিচালিত হয় এই ব্যতিক্রমধর্মী গ্রাফিতি কার্যক্রম। এতে সংগঠনটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, শহীদ হাদির স্মরণ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখাই নয়, বরং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সামাজিক প্রতিবাদের শক্তিশালী মাধ্যম হিসেবে শিল্পকে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। গ্রাফিতিতে ফুটে ওঠে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার, প্রতিবাদ এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা।

গ্রাফিতি আঁকায় অংশ নেন আবনী, তাবাসসুম, জিতু, ওধই, মেহেরাব, আলিফ, তৌসিফ মুকিত, সবুজ, রাসু, সাকিবসহ আরও অনেকে। তাদের তুলির আঁচড়ে শহীদ হাদির স্মৃতি যেন শুধু দেয়ালে নয়, সমাজের বিবেকেও স্থায়ীভাবে দাগ কাটে।

সংগঠনটির  সদস্যরা বলেন,“হাদি আমাদের কাছে কেবল একজন ব্যক্তি নয়, সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের প্রতীক। শিল্প মানুষের অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করতে পারে—এই বিশ্বাস থেকেই আমরা রঙ ও রেখার মাধ্যমে আমাদের প্রতিবাদ প্রকাশ করেছি।”

তিনি আরও জানান, তরুণ সমাজকে সচেতন করা, মানবিকতা জাগ্রত করা এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াই ‘দ্য রেড জুলাই’-এর লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও মানবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।