

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের লায়ন্স ক্লাব অব সৈয়দপুর কমিটি ও শিক্ষকদের দ্বন্দ্ব দ্রুত সমাধান ও বেতনহীন ১৭০ শিক্ষক- কর্মচারীর বেতন চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষক -কর্মচারী।
আজ সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ২ টায় প্রতিষ্ঠানের প্রধান গেটের সামনে শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হক সড়কে (বিমানবন্দর রোড) সড়কটি অবরোধ করে পরে বিক্ষোভ মিছিল করে উপজেলার প্রাণকেন্দ্র পাঁচ মাথা মোড়ে টানা ৬ ঘন্টা অবরোধ করে রাস্তা বন্ধ করে দেন প্রতিষ্ঠানটির কয়েক হাজার শিক্ষার্থী এবং শিক্ষক ও কর্মচারী । এ সময় গুরুপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুইপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারীরা । অবরোধকারী শিক্ষার্থীরা সেখানে সড়কের ওপরেই আসর ও মাগরিবের নামাজ আদায় করে। পরে সেখানে উপস্থিত হন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
শিক্ষার্থীরা সৈয়দপুরের আলো কে জানান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর কমিটি ও শিক্ষকদের দ্বন্দ্ব দ্রুত সমাধান করতে হবে । শিক্ষকদের বেতন দিতে হবে। আমাদের শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে না অথচ আমরা প্রতিষ্ঠানকে মাসিক বেতন ঠিকই দিচ্ছি। অবিলম্বে শিক্ষকদের বেতন দেওয়ার আহবান জানান শিক্ষার্থীরা। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে হুশিয়ারি দেন তারা।
জ্যেষ্ঠ শিক্ষক কাজী আসাদুজ্জামান স্বাধীন অভিযোগ করেন, লায়ন্স ক্লাব সভাপতি ও যুবদল নেতা জাকির হোসেন মেনন ক্লাবের কর্তৃত্ব দখল করে অনিয়ম ও অর্থ আত্মসাৎ করছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শিক্ষকদের বেতন প্রদানে বাধা দিচ্ছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমান চৌধুরী সৈয়দপুরের আলো কে জানান, ইউএনওকে ভারপ্রাপ্ত সভাপতি ও তাঁকে অধ্যক্ষ ঘোষণা করা হলেও ক্লাব কর্তৃপক্ষ তা মানছে না এবং বেতন বিল অনুমোদন আটকে দিয়েছে।
এ বিষয়ে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি মোঃ জাকির হোসেন মেননের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুর-ই-আলম সিদ্দিকী সৈয়দপুরের আলো কে বলেন শিক্ষক-শিক্ষার্থী, লায়ন্স ক্লাবেরসদস্যসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।
উল্লেখ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষক এবং কর্মচারীরা রাস্তা অবরোধ করে আন্দোলন চলমান রাখেন । প্রায় ৫ ঘন্টা পর ঘটনাস্থলে সৈয়দপুর উপজেলা নিবার্হী অফিসার উপস্থিত হয়ে শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে কথা বলছেন।
আপনার মতামত লিখুন :