সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: র‍্যাবের অভিযানে গ্রেফতার ৩


Saidpurer Alo প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ /
সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: র‍্যাবের অভিযানে গ্রেফতার ৩

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ধলাগাছ মতির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রায়হান রিতু (৩০), জসিম (৩২) ও জিতু (৩৪)। তারা সবাই সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত শিমু আক্তার (৩১)-এর সঙ্গে রায়হান রিতুর প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে যৌতুক দিতে অপারগতা জানালে নির্যাতনের মাত্রা ক্রমেই বাড়তে থাকে।

গত ৯ এপ্রিল সকালে স্বামীর বাড়িতে শিমুকে মারধর করে গুরুতর আহত করা হয়। অভিযোগ রয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে তাকে জোরপূর্বক বিষপান করানো হয়। পরে গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১০ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১২ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১২)।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব-১৩ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বার্তা২৪.কমকে বলেন , “যৌতুকসহ সামাজিক অপরাধ দমনে র‍্যাব সর্বদা তৎপর। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।