

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কয়া কিসামত পাড়া এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আলোচনা সভা ও কর্মী সমাবেশের মধ্য দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট একটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মো. তাহমিদুল ইসলাম এবং প্রাণবন্ত সঞ্চালনায় দায়িত্ব পালন করেন পৌরশাখার যুগ্ম সদস্য সচিব মো. জুবায়ের আল মাহদী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর পৌরশাখার আহ্বায়ক মো. জাবেদ আত্তারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরশাখার সদস্য সচিব মো. আলমগীর হোসেন, উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম মানিক এবং যুবশক্তি নীলফামারী জেলা শাখার সিনিয়র সদস্য সচিব মো. মোস্তাকিম হোসেন।
এছাড়াও বোতলাগাড়ী ও বঙ্গালীপুর ইউনিয়নের আহ্বায়ক মোজাহারুল ইসলাম ও মো. রোহানসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা তৃণমূল পর্যায়ে সংগঠনের ক্রমবর্ধমান শক্তি ও আগ্রহের প্রতিফলন।
সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী, জনমুখী ও কার্যকর রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত কাঠামোর বিকল্প নেই। ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দলীয় কার্যক্রম পৌঁছে দেওয়া সহজ হবে। নবগঠিত এ কমিটি স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হওয়ার পাশাপাশি সামাজিক উন্নয়ন, মাদক ও অপরাধবিরোধী কার্যক্রম জোরদার এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা সময়ের দাবি। নতুন কমিটির নেতৃবৃন্দ এলাকাবাসীর সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে তাদের সুখ-দুঃখে পাশে থাকবেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটির মাধ্যমে সৈয়দপুর পৌর এলাকার তৃণমূলে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে এবং সংগঠনের ভিত্তি সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :