নীলফামারীতে মন্দিরের সামনে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার


Saidpurer Alo প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ /
নীলফামারীতে মন্দিরের সামনে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া সিংগীমারি শ্মশান কালী মন্দিরের সামনে থেকে প্রভাত চন্দ্র রায় (৫৫) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত প্রভাত চন্দ্র রায় ওই এলাকার নীলকান্ত চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে প্রতিদিনের মতো তিনি কলাপাতা সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরবর্তীতে সকাল ১০টার দিকে স্থানীয়রা কালী মন্দিরের সামনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুম আলম জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।