নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Saidpurer Alo প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ /
নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মো. মতলুবর রহমান।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল কিশোরগঞ্জ থানাধীন ৩ নম্বর নিতাই ইউনিয়নের কাচারি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আকতারুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৮০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২৫ পুরিয়া হেরোইন (ওজন ১.৯০ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ডিবির ওসি মো. মতলুবর রহমান বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক আকতারুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত একজন পেশাদার মাদক ব্যবসায়ী।