

সৈয়দপুরের আলোঃ পহেলা বৈশাখকে বরন করে নিতে মেতে উঠেছে নীলফামারীর সর্বস্তরের মানুষ। কেউ বা তৈরি করেছে বাঁশ বেত দিয়ে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, কেউ বানিয়েছেন জাতীয় মাছ ইলিশ, বিভিন্ন জীবজন্তর মুখোশ, আবার কেউ কাটুন, গ্রামের ঐতিয্য লালন করতে তৈরি করছে লাঙ্গল জোয়াল, কৃষকের মাথার ঝাঁপি, ঘুড়ি, ঢোল-তবলা, গরুর গাড়ি, ঘোড়া গাড়ি প্রভৃতি।
পহেলা বৈশাখকে ঘিরে সকাল থেকে গ্রামে গঞ্জে চলছে বর্ণাঢ্য র্যালি ও পান্তা ভাতের আসর। ধর্মবর্ণ নির্বিশেষে বাঙ্গালী জাতির সবচেয়ে বড় এই উৎসব। সারাদেশের মতো নীলফামারীতে সব অতীত ঐতিহ্যকে ফিরিয়ে এনে বাঙালীয়ানায় ও বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। এদিকে, নীলফামারী প্রেসক্লাব চত্তরে দিনভর চলছে বৈশাখী মেলা। আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, পান্তা ভাতের আসর, শিশুদের কবিতা আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগিতা।পরিশেষে বিকালে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দের পুরস্কার বিতরণ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নীলফামারী যেন সেজেছিল এক অনন্য বর্ণিল সাজে। গ্রাম, গঞ্জের রাস্তাঘাট, স্কুল ও কলেজ মেতে উঠেছে বাঙালীপনায়। ঢাক, ঢোল, গরু গাড়ি, ঘোড়ার গাড়ী, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ প্রতিকী ঢেঁকিসহ শোভাযাত্রায় শোভা পেয়েছে। রং উল্লাস আর নেচে গেয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করছে নতুন বছরকে।
জেলা প্রশাসনের আয়োজনে ডিসি চত্বর থেকে জেলা প্রশাসক নায়িরুজ্জামানের নেতৃত্বে স্কুল, কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন একত্রিত হয়ে সকাল ৯টায় পহেলা বৈশাখের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি’স গার্ডেনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জ্যোতি বিকাশ চন্দ্র, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ আমাদের সর্বজনীন উৎসব। এই উৎসবে আমরা সব ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে অংশ গ্রহণ করি। বাঙালির এই দিনে আমরা বৈশাখী শোভাযাত্রাসহ নানা কর্মকান্ড উদযাপন করি।
আনন্দ উদযাপনে ঐতিহ্যবাহী পোশাক পরে বের হয়েছেন সর্বস্তরের মানুষ। পাজামা-পাঞ্জাবি ও শাড়ি আর বৈশাখ লেখা রঙিন পোশাকে শিশুরা ডিসি গার্ডেনের সাংস্কৃতিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় সব বয়শী মানুষের উপচেপড়া ভিড় ছিল দেখার মতো।
জেলার সৈয়দপুর উপজেলা প্রশাসন ও শিল্প সাহিত্য সংসদের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। রমনার বটমূলের আয়োজনে শিল্প সাহিত্য সংসদ ও উদীচী প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করে। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রায় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতি সংগঠন এতে অংশ নেন।
আপনার মতামত লিখুন :