তিন মাসে চালুর পথে দারোয়ানী টেক্সটাইল,জানালেন প্রতিমন্ত্রী


Saidpurer Alo প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ /
তিন মাসে চালুর পথে দারোয়ানী টেক্সটাইল,জানালেন প্রতিমন্ত্রী

সৈয়দপুরের আলোঃ দীর্ঘদিন বন্ধ থাকা নীলফামারীর ঐতিহ্যবাহী দারোয়ানী টেক্সটাইল মিল ঘিরে জেগেছে নতুন আশার আলো। মিলটি পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। রোববার (১২ এপ্রিল) সকালে পরিদর্শন শেষে তিনি দ্রুত সময়ের মধ্যেই মিলটি পুনরায় চালুর আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন বন্ধ টেক্সটাইল ও জুটমিলে পুনরায় চালু করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এসব শিল্পপ্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “দারোয়ানী টেক্সটাইল মিলটি চালুর জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। প্রক্রিয়াটি বর্তমানে মূল্যায়নের শেষ পর্যায়ে রয়েছে এবং একটি সম্ভাবনাময় বিনিয়োগকারীও পাওয়া গেছে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই মিলটি পুনরায় চালু করা সম্ভব হবে। এতে এ অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”