

সৈয়দপুরের আলোঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভেতরে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়া ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তৃণমূল পর্যায়ের নেতৃত্ব। এরই ধারাবাহিকতায় নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের পরিচিত রাজনৈতিক মুখ এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
দলীয় সূত্রে জানা যায়, রুপা হোসেন দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করা, নারী নেতৃত্ব গড়ে তোলা এবং মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি স্থানীয়ভাবে সুপরিচিত।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক রাজনৈতিক মামলার শিকার হন এবং কয়েক দফায় গ্রেফতার ও কারাবরণের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকায় বিভিন্ন সময় হুমকি, চাপ ও হয়রানির মুখোমুখি হলেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যান।
মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর মাজার জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পরে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
ৃ
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় রুপা হোসেন বলেন,“আমি দীর্ঘদিন ধরে তৃণমূল মানুষের সঙ্গে থেকে রাজনীতি করেছি। দল যদি আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, তাহলে আমি নারীদের ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করব।”
তিনি আরও বলেন,“আন্দোলন-সংগ্রামের পথে থাকতে গিয়ে বহুবার মামলা, গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কোনো পরিস্থিতিই আমাকে দলীয় আদর্শ থেকে সরাতে পারেনি। বরং প্রতিটি প্রতিকূলতা আমাকে আরও শক্ত করেছে।”
তিনি বলেন,“রাজনীতি আমার কাছে জনগণের সেবা করার একটি অঙ্গীকার। সুযোগ পেলে আমি সেই অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব এবং তৃণমূল মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব।”
আপনার মতামত লিখুন :