বুদ্ধিমত্তায় ট্রেন দুর্ঘটনা রোধ, বিরামপুরের এনামুল হককে আর্থিক সহায়তা


Saidpurer Alo প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ণ /
বুদ্ধিমত্তায় ট্রেন দুর্ঘটনা রোধ, বিরামপুরের এনামুল হককে আর্থিক সহায়তা

সৈয়দপুরের আলোঃ দ্রুত উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় সম্ভাব্য ভয়াবহ রেল দুর্ঘটনা এড়িয়ে শত শত যাত্রীর প্রাণ রক্ষাকারী দিনাজপুরের বিরামপুরের বাসিন্দা এনামুল হককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) ও জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। এতে সহযোগিতা করেন মোঃ শিকদার আল জিন্নাহ। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করে জিয়া সাইবার ফোর্স জেডসিএফ।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেডসিএফের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুল হক প্রিন্স, সৈয়দপুর জেডসিএফের সভাপতি মোঃ ফিরোজ আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রনি প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার চলন্ত ট্রেনের সামনে ভাঙা রেললাইন দেখতে পেয়ে তাৎক্ষণিক বুদ্ধি প্রয়োগ করেন এনামুল হক। তিনি কলার মোচার লাল অংশ ব্যবহার করে সংকেত দেন, ফলে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি থেমে যায়। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং শত শত যাত্রীর প্রাণ রক্ষা পায়।

এনামুল হকের এই সাহসিকতা ও মানবিক উদ্যোগ স্থানীয়সহ বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।