সৈয়দপুরে ইকু গ্রুপের উদ্যোগে ৪ হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ


Saidpurer Alo প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ /
সৈয়দপুরে ইকু গ্রুপের উদ্যোগে ৪ হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

সৈয়দপুরের আলোঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে প্রায় ৪ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শিল্প প্রতিষ্ঠান ইকু গ্রুপের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম।

এ সময় সিদ্দিকুল আলম বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতিবছর পারিবারিকভাবে শাড়ি-লুঙ্গি বিতরণ করে আসছি। এরই ধারাবাহিকতায় এবারও প্রায় চার হাজার গরিব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ইকু গ্রুপের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রমও চলমান রয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইরফান আলম ইকু, সমাজসেবী আলতাফ হোসেন, শিক্ষাবিদ শফিউল ইসলাম সুজন মাস্টার, ওবায়দুর রহমান ভুট্টোসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শাড়ি ও লুঙ্গি পেয়ে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আনন্দের ছাপ লক্ষ্য করা যায়। অনেকেই এমন উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে অভিহিত করেন।