নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


Saidpurer Alo প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ /
নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সৈয়দপুরের আলোঃ ‘দুর্যোগ প্রস্তুতি লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মামুন উর রশিদ, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম এবং ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মৈত্রি স্নাল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। এ জন্য নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। তিনি বলেন, এ অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা তুলনামূলক বেশি ঘটে এবং অধিকাংশ ক্ষেত্রে বিড়ি-সিগারেটের আগুন, খড়ের পালা ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসব অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপণ বিষয়ক বিশেষ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় ড্রামে আগুন লাগা ও বহুতল ভবনে অগ্নিকাণ্ডের পরিস্থিতিতে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল উপস্থাপন করা হয়। এতে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মামুন উর রশিদ। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।