তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন, পাঁচজন গ্রেপ্তার


Saidpurer Alo প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ /
তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন, পাঁচজন গ্রেপ্তার

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতের দিকটায় উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের গুঞ্জর খাঁ দীঘিরপাড় সংলগ্ন বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র বোমা মেশিন ব্যবহার করে নদীর তলদেশ থেকে অবৈধভাবে পাথর তুলছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনসহ আশপাশের ফসলি জমি ও প্রাকৃতিক পরিবেশে মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযান চলাকালীন প্রায় ২০ জন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পাঁচজনকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. তারিকুল ইসলাম (২৬), মো. আলিয়ার রহমান (৪৫), মো. তাইজুল ইসলাম (৪৫), মো. মিজানুর রহমান (৩৫) ও মো. আ. মান্নান (৩৫)। তাঁরা সবাই ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ী (দীঘিরপাড়) এলাকার বাসিন্দা।

অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৬ ইঞ্চি প্লাস্টিকের রিং পাইপ, তিনটি ডেলিভারি পাইপ, একটি ১২ ভোল্টের হ্যামকো ব্যাটারি, দুটি কোদাল, একটি বেলচা, দুটি জারিকেন এবং ৪ সিএফটি পাথর (২ বস্তা) জব্দ করেছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার  বলেন, “এ ঘটনায় আমরা বাদী হয়ে ১০ জনকে নামীয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খনি ও খনিজসম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।”

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।