সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘কাপ-আপ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


Saidpurer Alo প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ /
সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘কাপ-আপ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে ‘কাপ-আপ’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। সংস্থাটির নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও ডাম শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান।

বক্তারা জানান, কিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘এডুকেশন সার্ভিসেস ফর আপ-লিফটমেন্ট অব আল্ট্রা পুওর স্লাম ডুয়েলার্স (কাপ-আপ)’ প্রকল্পটি চলতি বছরের জানুয়ারি থেকে যাত্রা শুরু করেছে, যা ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। এ সময়ের মধ্যে ঢাকা মহানগরের মিরপুর ও মোহাম্মদপুর এবং নীলফামারীর সৈয়দপুরের বস্তি এলাকায় ১৯৫টি শিখন কেন্দ্রের মাধ্যমে উপানুষ্ঠানিক পদ্ধতিতে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

প্রকল্প সূত্রে জানা যায়, মোট ৩০ হাজার ১০৫ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় আসবে। এর মধ্যে সৈয়দপুর পৌর এলাকার ১০ হাজার ৩৫ জন সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশু প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা সেবা পাবে।

পরে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কো-অর্ডিনেটর শেখ শফিকুর রহমান একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিশুদের মূলধারার শিক্ষায় ফেরাতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দেওয়া হবে এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় তদারকি করা হবে।

অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, হারুন অর রশিদ ও মরিয়ম নেছা, প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো. আসাদুল্লাহ, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা বিল্লাল হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং কমিউনিটি নেতৃবৃন্দ।