

সৈয়দপুরের আলোঃ নীলফামারী জেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (দুপুরে) জেলা সদর ও ডিমলা উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।
জেলা শহরের অদূরে বাদিয়ার মোড় এলাকায় অবস্থিত মুক্তা ফিলিং স্টেশন-এ অভিযান চালিয়ে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে টুপামারী এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া শিশুখাদ্য উৎপাদনের দায়ে অভিজাত গ্রুপ-কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর কার্যালয়ের পরিদর্শক মো. নাসির উদ্দিন। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মোবারক হোসেন এবং বিএসটিআই রংপুর কার্যালয়ের মাঠ কর্মকর্তা জুলকার নাঈম উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান দুই প্রতিষ্ঠানে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে একই দিনে ডিমলা উপজেলার চাপানী হাট এলাকায় খরশেদা অটো মুড়ি মিলে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম। তিনি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :