নীলফামারীর চার আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৩৩ প্রার্থী


Saidpurer Alo প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ /
নীলফামারীর চার আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৩৩ প্রার্থী

মোঃ মারুফ হোসেন লিয়নঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা নেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চারটি আসনে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আসনভিত্তিক মনোনয়নপত্র জমাদানের চিত্রে দেখা যায় নীলফামারী-১ আসনে ১০ জন, নীলফামারী-২ আসনে ৭ জন,নীলফামারী-৩ আসনে ৪ জন এবং নীলফামারী-৪ আসনে সর্বাধিক ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সকল কার্যক্রম গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, আগামী ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। পাশাপাশি মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান।