ট্রাভেল এজেন্সি খাতে নতুন অধ্যাদেশ খসড়া বাতিলের দাবিতে মানববন্ধন


Saidpurer Alo প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ণ /
ট্রাভেল এজেন্সি খাতে নতুন অধ্যাদেশ খসড়া বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ মারুফ হোসেন লিয়নঃ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি জানিয়েছে নীলফামারীর সৈয়দপুরে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সৈয়দপুর, নীলফামারী, রংপুর বিভাগ এর সকল ট্রাভেল এজেন্সী বৃন্দর এক ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে তাঁরা এই দাবি জানান ।মানববন্ধন শেষে মঙ্গলবার দুপুরে সৈয়দপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা বারাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে মোঃ জাকির হোসেন মেননের সভাপতিত্বে ও শরিফুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ,এটিএবি এর সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন টিপু ,মোঃ আমিনুল ইসলাম রতন, , মাহাতাব হোসেন, মেহেদী হাসান, দিদারুল হোসেন, আলমগীর হোসেন রিপন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ২০১৩ সালের আইন এবং ২০২১ সালের সংশোধনী আইনের পরিবর্তন করে নতুন যে অধ্যাদেশের খসড়া তৈরি করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রায় হাজার হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে। এতে মালিক, কর্মকর্তা এবং কর্মচারীরা কর্মহীন হয়ে পড়বেন, যা পুরো খাত এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।

বক্তারা আরো বলেন, নতুন অধ্যাদেশে যে সব সংশোধনী প্রস্তাব করা হয়েছে, তার অনেকগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিশেষ করে ধারা ৫–এ অন্য এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করলে সাধারণ ট্রাভেল এজেন্সিগুলো টিকে থাকতে পারবে না। দেশে যে কয়েক হাজার এজেন্সি আছে, তাদের অধিকাংশেরই এয়ারলাইন্স থেকে সরাসরি টিকিট ইস্যুর সক্ষমতা নেই। অনলাইন ও অফলাইনের জন্য যে ১০ লাখ টাকা জামানত রাখার কথা বলা হয়েছে, তা ছোট এজেন্সিগুলোর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। অধ্যাদেশের ধারা ৯-এ পরিবারের বাইরে ব্যবসা হস্তান্তর নিষিদ্ধ করা, এক ঠিকানায় রিক্রটিং এজেন্টের কার্যক্রম সীমিত করা এবং বিনা শুনানিতে লাইসেন্স স্থগিত করার মতো বিধানগুলো খাতটিকে অকার্যকর করে দেবে। দেশের প্রচলিত আইনেই একই ঠিকানায় একাধিক ব্যবসার লাইসেন্স বৈধ। বহু রিক্রুটিং ও হজ এজেন্সি দীর্ঘদিন ধরে টিকিট সেবা দেওয়ার জন্য একই অফিস থেকে ট্রাভেল ব্যবসা পরিচালনা করছে। ২০২১ সালের আইনে নির্ধারিত শাস্তি সংসদীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে পাস হয়েছিল। সেটিকে হঠাৎ করে তিন বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক। যেকোনো অপরাধের বিচার দেশের প্রচলিত আইনের মাধ্যমেই সম্ভব। আলাদা করে অতিরিক্ত কঠোর শাস্তির প্রয়োজন নেই।

বক্তারা আরও বলেন, অন্তর্র্বতী সরকারের মেয়াদে কোনো খাতে অধ্যাদেশ জারি করা হলে তা সাধারণত নেতিবাচক প্রভাব ফেলে। তাই নির্বাচিত সরকারের মাধ্যমে জাতীয় সংসদে আলোচনা করে আইন সংশোধন করা অধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক হবে।