নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন


Saidpurer Alo প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ২:০৩ অপরাহ্ণ /
নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

সৈয়দপুরের আলোঃ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসাবে অধ্যক্ষ আব্দুল গফুর সরকারে নাম ঘোষনা করা হয়েছে। কিন্তু বিএনপি মনোনীত এ প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে স্থানীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করে মনোনয়ন বঞ্চিত সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানার কয়েশ সমর্থক। রিয়াদ আরফান সরকার রানা বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক পৌরমেয়র মরহুম আমজাদ হোসেন সরকারের ছেলে।

ওইদিন সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার রানার সমর্থকরা স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয় । পরে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে সড়কে যানবাহন চলাচল কিছুটা সীমিত হয়ে আসে। রিয়াদ আরফান সরকার রানার সমর্থকরা হাতে হাতে নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন। বিভিন্ন কথা লেখা ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তাদের প্রধান দাবি ছিল, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিতর্কিত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হোক।

মানববন্ধনে অংশ নেওয়া সমর্থকরা জানান, সঠিক ব্যক্তিকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের বদলে রিয়াদ আরফান সরকার রানাকে মনোনয়ন দেওয়ার দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে মনোনয়ন বঞ্চিত প্রার্থী রিয়াদ আরফান সরকারের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।