সৈয়দপুরে শিক্ষার্থীদের সচেতনতা বিষয়ক ক্লাস নিলেন ওসি


Saidpurer Alo প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ২:৫২ অপরাহ্ণ /
সৈয়দপুরে শিক্ষার্থীদের সচেতনতা বিষয়ক ক্লাস নিলেন ওসি

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে আল ফারুক একাডেমিতে শিক্ষার্থীদের নৈতিকতা, দায়িত্ববোধ ও শিক্ষাজীবনে সচেতনতা বাড়াতে এক বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে স্কুলটির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ।

তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, অনলাইন প্রতারণা, অসামাজিক ব্যক্তির প্রভাব এবং পড়াশোনায় অমনোযোগের নেতিবাচক দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেকে জানো, সময়কে মূল্য দাও, আর প্রযুক্তিকে ব্যবহার করো শেখার জন্য, নয়তো তা তোমাকেই গ্রাস করবে। এ সময় তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে অভিভাবক ও শিক্ষকদেরও ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে এ ধরনের সচেতনতামূলক সেশন অত্যন্ত প্রয়োজন।

একাডেমির সহকারি শিক্ষক মামুনুর রহমান রাজু সঞ্চালনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এমন উদ্যোগের প্রশংসা করে জানান, এ আলোচনা তাদের ভবিষ্যৎ জীবন গঠনে দিকনির্দেশনা দেবে।