নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ৩


Saidpurer Alo প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ১:২৫ অপরাহ্ণ /
নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ৩

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর ডোমারে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ একজন ইউপি সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ নভেম্বর) নীলফামারী জেলা জজ আদালতের বিচারক মো. মনছুর মিয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

গ্রেপ্তাররা হলেন—সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, হরিণচরা ইউপি চেয়ারম্যান মো. রাসেল রানা এবং ডোমার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর রহমান। আটক প্রত্যকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ধানের শীষ প্রতিকের প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম চিলাহাটির দিকে রওনা হলে জোড়াবাড়ি এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনায় অধ্যাপক রফিকুল ইসলাম প্রাণে বেঁচে গেলেও কমপক্ষে ৬০ জন বিএনপির নেতা আহত হন।

চলতি বছরের ২৯ সেপ্টেম্বর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম বাদী হয়ে ৩১ জনের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় দুই ইউপি চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়। ডোমার থানার ওসি আরিফুল ইসলাম বলেন, জানতে পেরেছি আদালতে জামিন নিতে গেলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করেন।