নয়দিন পর খুলছে উত্তরা ইপিজেডের চার কারখানা


Saidpurer Alo প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ /
নয়দিন পর খুলছে উত্তরা ইপিজেডের চার কারখানা

সৈয়দপুরের আলোঃ  নয়দিন বন্ধ থাকার পর নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) চার কারাখানা পুনরায় চালু হচ্ছে কাল থেকে। আগামীকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের কাজে যোগদানের জন্য সোমবার (৩ নভেম্বর) দুপুরে পৃথক পৃথক নোটিশ দিয়েছে চার কারখানা।

খুলে দেওয়া কারখানাগুলো হলো- ইপিএফ প্রিন্টিং লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, মেইগো বাংলাদেশ, ও দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড।

আজ সোমবার (৩ নভেম্বর) সৈয়দপুরের আলো কে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার।

কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে গত ২৬ অক্টোবর থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে বর্তমান সার্বিক পরিস্থিতি উন্নত হওয়ায় এবং কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় কারখানাগুলোর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সব কর্মকর্তা-কর্মচারীকে মঙ্গলবার থেকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা, পেশাদারত্ব ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার সৈয়দপুরের আলো কে বলেন, ইপিজেডের ৪টি কারখানা নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও দাবি মেনে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় কারখানাগুলো আগামীকাল খুলছে।