

সৈয়দপুরের আলোঃ মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’-এর উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিস্ত্রীপাড়া মোড়, গোলাহাট, পাঁচমাথা মোড় ও বাস টার্মিনাল এলাকায় পথসভায় পরিণত হয়।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। পথসভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি এটি শুধু ব্যক্তিকেই নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, হৃদয়ে সৈয়দপুর সংগঠনের উপদেষ্টা এরশাদ হোসেন পাপ্পু, রেজাউল করিম রেজা, মামুনুর রশিদ মামুন, রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার,ফিরোজ আহমেদ,নুর আলম ভরসা,লিপ্টন সরকার,প্রতিষ্ঠাতা সোহেল রানা, সভাপতি জোবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান প্রমুখ।
সংগঠনের প্রধান উপদেষ্টা এরশাদ হোসেন পাপ্পু সৈয়দপুরের আলো কে বলেন, এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা তরুণদের সচেতন করতে চাই। আমাদের লক্ষ্য—মাদকমুক্ত সৈয়দপুর গড়ে তোলা।
সংগঠনের উপদেষ্টা ও সৈয়দপুরের আলোর নিবার্হী সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ সৈয়দপুরের আলো কে বলেন,যুবকরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ, মাদকের ছোবল থেকে তাঁদের বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে। সৈয়দপুরের আনাচে কানাচে এখন হাত বাড়ালেই মিলছে মাদক। দেদারছে ঘুরে বেড়াচ্ছে মাদক বিক্রেতারা। স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে সকল বয়সের মানুষ আজ মাদকে আসক্ত হচ্ছে। সমাজে মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করতেই আমরা এই কর্মসূচী করেছি। আমরা মাদক বিক্রেতাদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা গরীব অসহায়দের চিকিৎসা, গরীব মেয়েদের বিয়ে, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা সহ অসহায়দের বিভিন্ন কল্যানে ব্যায় করার দাবি জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :