সৈয়দপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 


Saidpurer Alo প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ণ /
সৈয়দপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের লায়ন্স ক্লাব অব সৈয়দপুর কমিটি ও শিক্ষকদের দ্বন্দ্ব দ্রুত সমাধান ও বেতনহীন ১৭০ শিক্ষক – কর্মচারীর বেতন চালুর দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।

আজ সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ৩ টায় প্রতিষ্ঠানের প্রধান গেটের সামনে শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হক সড়ক (বিমানবন্দর রোড) সড়কটি অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে প্রতিষ্ঠানটির কয়েক হাজার শিক্ষার্থী । এ সময় গুরুপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুইপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা সৈয়দপুরের আলো কে জানান,লায়ন্স ক্লাব অব সৈয়দপুর কমিটি ও শিক্ষকদের দ্বন্দ্ব দ্রুত সমাধান করতে হবে । শিক্ষকদের বেতন দিতে হবে। আমাদের শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে না অথচ আমরা প্রতিষ্ঠানকে মাসিক বেতন ঠিকই দিচ্ছি। অবিলম্বে শিক্ষকদের বেতন দেওয়ার আহবান জানান শিক্ষার্থীরা অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, সৈয়দপুরে লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেননের স্বেচ্ছাচারিতায় স্থবির হয়ে পড়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কার্যক্রম।সভাপতির স্বাক্ষর জটিলতার কারণে প্রতিষ্ঠানের ১৭০ জন শিক্ষক-কর্মচারী টানা এক মাসেরও বেশি সময় ধরে বেতনবঞ্চিত রয়েছেন। সভাপতি ইচ্ছাকৃতভাবে কলেজ পরিচালনা পর্ষদের নবনিযুক্ত সভাপতির কাছে চেক স্বাক্ষরের ক্ষমতা হস্তান্তর করছেন না। ফলে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা বন্ধ হয়ে পড়ে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর শিক্ষক ফোরামের পক্ষ থেকে পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগ, বন্ধ প্রভিডেন্ট ফান্ড পুনরায় চালু, সভাপতির অনিয়ম বন্ধসহ ১৬ দফা দাবিতে পরিচালনা পর্ষদের সভাপতি শাফিয়ার রহমানকে লিখিত আবেদন দেওয়া হয়। কিন্তু তিনি উল্টো শিক্ষকদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে দুই সিনিয়র শিক্ষককে কর্মবিরতির নির্দেশ দেন।

বিচার না পেয়ে শিক্ষকরা ২১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে গণদরখাস্ত দেন, যেখানে সভাপতির মাসিক ৭০ হাজার টাকা অনিয়মিত গ্রহণ, নিয়োগ বাণিজ্য, ৫ লাখ টাকা আত্মসাৎসহ একাধিক দুর্নীতির অভিযোগ উল্লেখ করা হয়।

পরিস্থিতি চরমে পৌঁছালে ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সৈয়দপুর বিমানবন্দর সড়ক অবরোধ করে তিন ঘণ্টাব্যাপী আন্দোলন করে। পরে ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীর হস্তক্ষেপে সভা বসে এবং সিদ্ধান্তে শাফিয়ার রহমান ও অধ্যক্ষ মশিউর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সভায় ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীকে কলেজ পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র শিক্ষক মজিবর রহমান চৌধুরী মুকুলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘোষণা করেন লায়ন্স ক্লাব সভাপতি জাকির হোসেন মেনন।

তবে পরে সেই ঘোষণার অনুমোদন প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে আটকে দেন সভাপতি মেনন। অভিযোগ উঠেছে, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মেনন রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্বাক্ষর অনুমোদন না দিয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানে বাধা সৃষ্টি করছেন।

লায়ন্স ক্লাবের একাধিক সদস্য সৈয়দপুরের আলো কে জানান, মেনন কৌশলে সভাপতি পদ বাগিয়ে নিয়ে পুরনো সদস্যদের বাদ দিয়ে আত্মীয়-পরিজনকে নিয়ে কমিটি গঠন করেছেন। এতে ক্লাবটি “পারিবারিক ক্লাব”-এ পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এর আগে ১২ অক্টোবর রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিদের বৈঠকে ক্লাব সভাপতিকে সমস্যার সমাধানে সাত দিনের সময় দেওয়া হয়। সোমবার (২০ অক্টোবর) সেই সময়সীমা শেষ হচ্ছে।

এর আগে গত বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ৩ টায় প্রতিষ্ঠানের প্রধান গেটের সামনে শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হক সড়কে (বিমানবন্দর রোড) বেতনের দাবিতে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।

পরবর্তীতে বেতনহীন ১৭০ শিক্ষক-কর্মচারী সৈয়দপুর লায়ন্স ক্লাব সভাপতির স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন (২১ অক্টোবর) বিকালে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ হলরুমে প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীবৃন্দর আয়োজনে সংবাদ সম্মেলন করেন ।