সৈয়দপুর লায়ন্স স্কুলে বেতনহীন ১৭০ শিক্ষক-কর্মচারী


Saidpurer Alo প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ণ /
সৈয়দপুর লায়ন্স স্কুলে বেতনহীন ১৭০ শিক্ষক-কর্মচারী

মোঃ মারুফ হোসেন লিয়নঃ নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাবের সভাপতি ও যুবদলের নেতা জাকির হোসেন মেননের স্বেচ্ছাচারিতায় স্থবির হয়ে পড়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কার্যক্রম।সভাপতির স্বাক্ষর জটিলতার কারণে প্রতিষ্ঠানের ১৭০ জন শিক্ষক-কর্মচারী টানা এক মাসেরও বেশি সময় ধরে বেতনবঞ্চিত রয়েছেন।

ভুক্তভোগী শিক্ষকরা জানান, সভাপতি ইচ্ছাকৃতভাবে কলেজ পরিচালনা পর্ষদের নবনিযুক্ত সভাপতির কাছে চেক স্বাক্ষরের ক্ষমতা হস্তান্তর করছেন না। ফলে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা বন্ধ হয়ে পড়েছে।

সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর শিক্ষক ফোরামের পক্ষ থেকে পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগ, বন্ধ প্রভিডেন্ট ফান্ড পুনরায় চালু, সভাপতির অনিয়ম বন্ধসহ ১৬ দফা দাবিতে পরিচালনা পর্ষদের সভাপতি শাফিয়ার রহমানকে লিখিত আবেদন দেওয়া হয়। কিন্তু তিনি উল্টো শিক্ষকদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে দুই সিনিয়র শিক্ষককে কর্মবিরতির নির্দেশ দেন।

বিচার না পেয়ে শিক্ষকরা ২১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে গণদরখাস্ত দেন, যেখানে সভাপতির মাসিক ৭০ হাজার টাকা অনিয়মিত গ্রহণ, নিয়োগ বাণিজ্য, ৫ লাখ টাকা আত্মসাৎসহ একাধিক দুর্নীতির অভিযোগ উল্লেখ করা হয়।

পরিস্থিতি চরমে পৌঁছালে ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সৈয়দপুর বিমানবন্দর সড়ক অবরোধ করে তিন ঘণ্টাব্যাপী আন্দোলন করে। পরে ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীর হস্তক্ষেপে সভা বসে এবং সিদ্ধান্তে শাফিয়ার রহমান ও অধ্যক্ষ মশিউর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সভায় ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীকে কলেজ পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র শিক্ষক মজিবর রহমান চৌধুরী মুকুলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘোষণা করেন লায়ন্স ক্লাব সভাপতি জাকির হোসেন মেনন।

তবে পরে সেই ঘোষণার অনুমোদন প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে আটকে দেন সভাপতি মেনন। অভিযোগ উঠেছে, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মেনন রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্বাক্ষর অনুমোদন না দিয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানে বাধা সৃষ্টি করছে।

লায়ন্স ক্লাবের একাধিক সদস্য জানান, মেনন কৌশলে সভাপতি পদ বাগিয়ে নিয়ে পুরনো সদস্যদের বাদ দিয়ে আত্মীয়-পরিজনকে নিয়ে কমিটি গঠন করেছেন। এতে ক্লাবটি “পারিবারিক ক্লাব”-এ পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এর আগে ১২ অক্টোবর রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিদের বৈঠকে ক্লাব সভাপতিকে সমস্যার সমাধানে সাত দিনের সময় দেওয়া হয়। সোমবার (২০ অক্টোবর) সেই সময়সীমা শেষ হচ্ছে।

এ বিষয়ে সৈয়দপুর লায়ন্স ক্লাবের সভাপতি ও যুবদলের নেতা জাকির হোসেন সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য এর আগে গত বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ৩ টায় প্রতিষ্ঠানের প্রধান গেটের সামনে শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হক সড়কে (বিমানবন্দর রোড) বেতনের দাবিতে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।