

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর ডোমারে মাদকের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিককে হুমকি প্রদানের অভিযোগে থানার ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবিতে কলমবিরতি কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে এগারোটা থেকে ডোমার ধীরাজ স্মৃতি পাঠাগার চত্বরে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।
কর্মসূচি শেষে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. আবু ফাত্তাহ্ কামাল পাখি। এসময় বক্তৃতা দেন দৈনিক যুগের আলোর উপজেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান হিল্লোল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি এ আই পলাশ, দৈনিক খবরপত্রের উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান মানিক, মুভিবাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. আবরার হোসেন আলভি, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন প্রমুখ।
কর্মসূচিতে অংশগ্রহনকারীরা জানান, সম্প্রতি মাদক কারবারীদের দৌরাত্ব বেড়েছে এলাকায়। এর বিরুদ্ধে যুগের আলোর প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল কথা বলায় তাকে ডোমার থানার ওসি আরিফুল ইসলামের হুমকি প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতি মো. আবু ফাত্তাহ্ কামাল পাখি বলেন, আমরা পুলিশের বিরুদ্ধে নই। আমরা মাদক কারবারীদের প্রতি সহানুভুতিশীল ওসির বিরুদ্ধে। ডোমারকে যেকোন মূল্যে আমরা মাদকমুক্ত রাখব।
অভিযোগের সত্যতা অস্বীকার করে ডোমার থানার ওসি আরিফুল ইসলাম বলেন, এর আগেও তারা আমার অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন। আজকে আট থেকে দশ জন সাংবাদিক মিলে কলমবিরতি পালন করেছেন। সেখানে মূল প্রেসক্লাবের কেউ ছিলেন না।
আপনার মতামত লিখুন :