নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত


Saidpurer Alo প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ /
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

সৈয়দপুরের আলোঃ নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন।

গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডিমলা-ডালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,নিহত রফিকুল ইসলাম জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বুড়ির হাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা বলেন,নিহত রফিকুল ইসলাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শুটিবাড়ী বাজারের পূর্ব পাশে পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রলি পিছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল হাকিম তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক। তিনি জানান, ট্রলিটি আটক করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।