সৈয়দপুরে আগামীকাল নর্দান হাফ ম্যারাথন, যোগ দিবেন এক হাজার দৌঁড়বিদ


Saidpurer Alo প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ /
সৈয়দপুরে আগামীকাল নর্দান হাফ ম্যারাথন, যোগ দিবেন এক হাজার দৌঁড়বিদ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: আগামীকাল শুক্রবার নীলফামারীর সৈয়দপুরে নর্দান হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ওই ম্যারাথনের যাবতীয় প্রস্ততি সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের নিবন্ধনও শেষ। যোগ দিচ্ছেন একহাজার দৌঁড়বিদ। এর মধ্যে নারী-শিশুরাও রয়েছে। ৩য় বারের মতো ম্যারাথনটি আয়োজন করছে সৈয়দপুর রানার নামের একটি সংগঠন। ইভেন্টটি এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথনস এন্ড ডিসটেনস রেসেস (এআইএমএস) সার্টিফাই করেছে।

সৈয়দপুর রানারের অ্যাডমিন ও রেস ডিরেক্টর চক্ষু বিশেষজ্ঞ কামরুল হাসান সোহেল স্থানীয় ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টের মিলনায়তনে সাংবাদিকদের জানান, সারাদেশের রানারদের মধ্যে অন্যরকম সাড়া ফেলেছে নর্দান হাফ ম্যারাথন। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে দৌঁড়বিদরা সৈয়দপুরে আসতে শুরু করেছে।উল্লেখিত দিন ভোর সোয়া পাঁচটায় ম্যারাথনটি শুরু হবে সৈয়দপুর শহরেরর রাবেয়া মোড় এলাকা থেকে। যা দিনাজপুরের পার্বতীপুরের কৈপুলকী পর্যন্ত গিয়ে পুনরায় সৈয়দপুরে ফিরে আসবে। এর দূরত্ব ধরা হয়েছে ২১ দশমিক এক কিলোমিটার।

তিনি বলেন, ওই দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিতে ৯৭৫ প্রতিযোগী নিবন্ধন করেছেন। ম্যারাথনে অপেক্ষাকৃত কম দূরত্বে নারী ও শিশুরা অংশ নেবে। এজন্য সার্বিক প্রস্ততি গ্রহণ করা হয়েছে।

ইতিমধ্যে জার্সি ও লোগো উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে ৪০০ স্বেচ্ছাসেবী কাজ করবেন। সে সাথে নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন সহযোগিতা দিবেন বলে জানান সৈয়দপুর রানারের অ্যাডমিন ও রেস ডিরেক্টর চক্ষু বিশেষজ্ঞ কামরুল হাসান সোহেল ।