সৈয়দপুরে ইলিশের বাজার চড়া, দামে অস্বস্তি


Saidpurer Alo প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১:১৫ অপরাহ্ণ /
সৈয়দপুরে ইলিশের বাজার চড়া, দামে অস্বস্তি

 

 

সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ইলিশ মাছের বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামে স্বস্তি নেই। গত বছরের তুলনাই ইলিশের ডাবল দাম ছাড়িয়েছে এবার। ভারতে ইলিশের রপ্তানির খবরে দেশের ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে। শহরের পৌর মার্কেট সহ বিভিন্ন বাজারে ইলিশের এই দামের চিত্র দেখা গেছে। তবে ক্রেতাদের দাবি, ইলিশের বাজারে নিয়মিত মনিটরিং করতে হবে। তাহলে ইলিশের বাজারে স্বস্থি ফিরবে।

সরেজমিনে বাজার ঘুরে জানাগেছে, আসন্ন দূর্গাপুজা উপলক্ষে দেশের ইলিশ যাবে ভারতে। আর তাই এর প্রভাব পড়েছে সারাদেশের মতো সৈয়দপুরে বাজারেও। প্রতি কেজি সাইজের ইলিশের দাম ছাড়িয়েছে ডাবলের বেশি। এতে ইলিশ কিনতে আসা ক্রেতাদের নাজেহাল অবস্থা। আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পৌর মাছ বাজার গিয়ে এমনই দৃশ্য দেখা যায়।

দেখা গেছে, গত ৮/১০ দিন ধরে ইলিশের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বাজারে দেড় কেজি ওজনের বড় সাইজের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায়। যা গত ৮/১০ দিন আগে বিক্রি হয়েছে ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকায় । ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা থেকে ২২০০ টাকা কেজি দরে। ছোট সাইজের ইলিশের দাম ৮০০ টাকা থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। যা প্রতিটি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

মাছ বাজার ব্যবসায়িরা জানান, পুজার সময় চাহিদা বৃদ্ধির সাথে সাথে নদী থেকে ইলিশও উঠছে পর্যাপ্ত কিন্তু দেশ থেকে ইলিশ পার্শ্ববর্তী দেশে চলে যাওয়ায় দাম বৃদ্ধির প্রধান কারণ। এছাড়া পরিবহন খরচ বেড়ে যাওয়ায় গতদিনের তুলনায় এবারে ইলিশের দাম কিছুটা বেশি।

বাদল নামের এক মাছ ব্যবসায়ি বলেন, নদী থেকে মাছ পর্যাপ্ত ধরা পরলেও আমদানি কম। কিন্তু চাহিদা অনেক বেশি। গতদিনের চেয়ে এবারে বেশি দামে ইলিশ কিনে, এরপর পরিববন খরচ দিয়ে বেশি দামে বিক্রি করেও লাভ হচ্ছে না।

ইলিশ কিনতে আসা ক্রেতা আরিফ মন্ডল বলেন, এবার শুরু থেকেই সব সাইজের ইলিশের দাম ডাবল। যদি এমন অবস্থা চলতে থাকে তবে বছরে একবারও ইলিশ খাওয়া দুষ্কর হয়ে পড়বে।

আরেক ক্রেতা আযম কামাল ক্ষোভ প্রকাশ করে বলেন, মধ্য ও উচ্চমধ্যবিত্তরাই যখন হিমশিম খাচ্ছে, তখন নিম্ন আয়ের মানুষ কীভাবে ইলিশ কিনবে? নিয়মিত মনিটরিং না হলে বাজার আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

ইতি রানী নামের এক ক্রেতা বলেন, গত ৭/৮ মাস আগে হাফ কেজি ওজনের একটি ইলিশ মাছ কিনে পরিবারের সকলেই খেয়েছি। তিনি বলেন, প্রতি বছরই পুজা এলেই ইলিশের দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে আমাদের মতো মানুষের ইলিশ মাছ খাওয়া স্বপ্ন হয়ে দাড়িয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার বলেছিলেন, দেশের ইলিশ, দেশের মানুষ আগে খাবে এরপর বাইরে রফতানি করার চিন্তা ভাবনা করা হবে। সরকারের ওই কথায় মানুষ ভেবেছিল আসলেই বুঝি সত্য কিন্তু নিম্ন ও মধ্যবিত্তদের জন্য যে ইলিশ মাছ না তা এখন বুঝা যাচ্ছে। পূজা যতই ঘনিয়ে আসছে ইলিশের দাম ততই বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ জানান,২/১ দিনের মধ্যেই বাজার মনিটরিং করা হবে। ইলিশের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে এজন্য তৎপর রয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকি বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে মৎস্য কর্মকর্তাকে বলা হয়েছে। ২/১ দিনের মধ্যেই বাজারে অভিযান চালানো হবে বলে জানান তিনি।