

মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জঃ দুস্থ্য অভাবী ও মেধাবী কোন শিক্ষার্থী পড়ালেখা যাতে বন্ধ না হয় আমরা যথেষ্ট সহায়তা করার চেষ্টা করছি। আমরা চাই নীলফামারীর কোন শিক্ষার্থী যেন আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ না হয়। এমন কোন দুস্থ শিক্ষার্থী থাকলে আমাদের আবেদন করলে আমরা তাদের সহায়তা করবো বলে মন্তব্য করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জের প্রশাসনিক হলরুমে এক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামে একটি সংগঠনের সহায়তায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানিয়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দেওয়া হয়। এতে জিপিএ ফাইভ পাওয়া উপজেলার প্রায় দুইশত মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।
এসময়ে ডিসি নায়িরুজ্জামান আরও বলেন, আজকের যে অনুষ্ঠান সেটি একটি ভালো উদ্যোগ এটির মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হচ্ছে। তোমরা যারা আজকের শিক্ষার্থী তোমরা আগামীদিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের নিজের দক্ষতায় পড়ালেখা করতে হবে। বতর্মান সময়ে শিক্ষার্থীরা মাদক থেকে দুরে থাকবে এবং মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলবে। আমরা চাই নীলফামারীর শিক্ষার্থীরা আগামীতে প্রত্যেকে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠুক তারা জেলাকে আলোকিত করুক। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সবদিক থেকে এগিয়ে থাকতে হবে। শিক্ষার্থীদের অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে থাকতে হবে এবং আগামীতে সুন্দর দেশ গড়তে সহায়তা করতে হবে কারণ তোমরাই দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে।
এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান ইসলাম, সহকারী কমিশনার ভূমি এবিএম সারোয়ার রাব্বি , উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :