সৈয়দপুরের আলোঃ নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৬৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেন নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মতলুবর রহমান।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের পঞ্চপুকুর থেকে কচুকাটা গামী সড়কের খুদিটারী এলাকার আবুলের মোড়ে অভিযান পরিচালনা করে।
অভিযানে নীলফামারী সদর উপজেলার বাসিন্দা মোঃ ফজলু মিয়ার ছেলে মোঃ রুবেল ইসলাম (২৮) ও মোঃ হাসান আলীর ছেলে মোঃ রাব্বী ইসলাম (২৬)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে রুবেল ইসলামের কাছ থেকে একটি নীল রঙের জিপার পলিথিনে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫৫০ টাকা উদ্ধার করা হয়। একইভাবে রাব্বী ইসলামের কাছ থেকে একটি স্বচ্ছ জিপার পলিথিনে রাখা ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪২০ টাকা জব্দ করা হয়।এতে মোট জব্দকৃত ইয়াবার পরিমাণ দাঁড়ায় ১৬৫ পিস, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৬ হাজার টাকা।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মতলুবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।