সৈয়দপুরের আলোঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও র্যালির আয়োজন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দল। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা নারী অধিকার রক্ষা, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
রোববার (৮ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে জেলা মহিলা দল ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির শীর্ষস্থানীয় নারী নেত্রীরা অংশ নেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা গুলশান আরা বেগম বাবলী এবং সঞ্চালনা করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেন।
এসময় বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা বলেন, নারী শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, দেশের নারী সমাজ আজ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও এখনও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছে। এসব অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং নারীদের অধিকার আদায়ে মহিলা দল সবসময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তারা নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনে নারীদের আরও শক্তিশালী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নারী অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নারী সমাজের মর্যাদা রক্ষায় বিভিন্ন স্লোগান দেন।