সৈয়দপুরের আলোঃ নীলফামারীতে অনলাইনভিত্তিক ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার রাতে বিষয়টি সৈয়দপুরের আলো কে নিশ্চিত করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. মতলুবর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন,জলঢাকা উপজেলার খুটামারা এলাকার মো. আশরাফুল আলমের ছেলে শাহ মোহাম্মদ বুলেট (২৫),কিসামত বটতলা এলাকার মো. আব্দুল করিমের ছেলে মো. সিরাজ উদ্দিন (২৩),নীলফামারী সদর উপজেলার উত্তর কালিকাপুর শালডাঙ্গা এলাকার মো. জোনাব আলীর ছেলে মো. আদর আলী (২৪),কিশোরগঞ্জ উপজেলার ভেরভেরি কান্দুরার মোড় এলাকার মো. শামসুল হকের ছেলে মো. মনিরুজ্জামান সজীব (২৫),জলঢাকা উপজেলার খালিসা খুটামারা হাফেজিয়া এলাকার মো. শহীদুল্লাহ স্বপনের ছেলে মো. রাকিবুল হাসান লাবিব (১৯),নীলফামারী সদর উপজেলার কচুকাটা খুনিটারী এলাকার মো. আসাদুজ্জামানের ছেলে হাসান আল ফিরোজ ওরফে ছোটন (২৪) এবং নীলফামারী সদর উপজেলার কচুকাটা কুটিপাড়া এলাকার মো. হাজিরুল ইসলামের ছেলে মো. আহসান হাবিব ওরফে হাসান (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ আভিযানিক দল টেঙ্গনমারী বাজার এলাকায় একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে। সেখান থেকেই সন্দেহভাজনদের আটক করা হয়।
পরে তল্লাশিকালে তাদের কাছ থেকে ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং তিনটি রেজিস্ট্রেশনবিহীন Suzuki Gixxer FI ABS SF মোটরসাইকেল উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলো প্রযুক্তিগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে অনলাইন ভিসা প্রতারণা, অনলাইন ক্যাসিনো ও বিভিন্ন বেটিং সাইটসংক্রান্ত অ্যাপস, ব্রাউজার হিস্টোরি এবং একাধিক বেটিং অ্যাকাউন্ট লগ-ইন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশে চাকরি ও ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। পাশাপাশি তারা অনলাইন ক্যাসিনো ও বিভিন্ন বেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. মতলুবর রহমান সৈয়দপুরের আলো কে বলেন,“অনলাইনভিত্তিক প্রতারণা ও অবৈধ জুয়ার সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে আমাদের চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত বিশ্লেষণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা আশা করছি, এই চক্রের সঙ্গে জড়িত আরও সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে। সাধারণ মানুষকে অনলাইনে ভিসা, চাকরি বা বিনিয়োগ সংক্রান্ত প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।”
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।