সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে আবারও শিক্ষার আলো ছড়ালো সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে সাধারণ গ্রেডে ৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। বুধবার প্রকাশিত দিনাজপুর শিক্ষা বোর্ড-এর ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলো অর্ণব আবেদীন, শাহরুখ সরকার, সুফা মহসিনীন নাওমি, সিদরাতুল মুনতাহা মেধা ও আনিশা বুশরা বর্ণ।
ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষার্থীদের এই সাফল্য শুধু পরিবারের জন্যই নয়, পুরো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল বলেন,“শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। নিয়মিত পাঠদান, কঠোর পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনার কারণে আমাদের শিক্ষার্থীরা ভালো ফল করতে সক্ষম হয়েছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সৈয়দপুরের শিক্ষা অঙ্গনে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের বৃত্তির সাফল্য সেই ধারাবাহিকতারই আরেকটি উজ্জ্বল সংযোজন।