

মোঃ সাহিদুল ইসলাম ,ডোমার প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলা আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের জন্য বিশেষ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সকাল ১১টায় উপজেলা হেলীপোর্ট মাঠে আয়োজিত এ ব্রিফিং সভায় নির্বাচনী ডিউটি পালনকৃত আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা অংশগ্রহণ করেন।
ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নিয়াজ মেহেদী সহকারী পুলিশ সুপার ডোমার, মোঃ হাবিবুল্লা অফিসার্স ইনচার্জ ডোমার থানা,মোহাম্মদ আলী হাবিলদার বিজিবি।
এ ছাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রশিক্ষক আব্দুল আউয়াল, উপজেলা প্রশিক্ষক রুবিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রিফিং সভায় বক্তারা বলেন, ‘গণতন্ত্রের মূল ভিত্তি হলো একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব শুধু নিরাপত্তা দেওয়া নয়, বরং জনগণের আস্থা অর্জন করে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করা।’
তারা আরও বলেন, ‘ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধ, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।’
সভায় নির্বাচনকালীন আচরণবিধি, দায়িত্ব বণ্টন, দায়িত্ব পালনের কৌশল, জরুরি পরিস্থিতিতে করণীয়, ভোটকেন্দ্র নিরাপত্তা ব্যবস্থাপনা ও সমন্বিত নিরাপত্তা কাঠামো বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা জুড়ে আনসার ও ভিডিপি সদস্যদের শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি, দায়িত্ববোধ এবং নির্বাচনী দায়িত্ব পালনে দৃঢ় প্রত্যয় স্পষ্টভাবে ফুটে ওঠে।
আপনার মতামত লিখুন :