সৈয়দপুরের আলোঃ “জ্ঞানে মুক্তি, আগামীর ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সেতুবন্ধন পাঠাগারের আয়োজনে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।পরে সেতুবন্ধন পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সেতুবন্ধন পাঠাগারের সভাপতি মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও লেখক এবং ছায়াপথ সাহিত্য পরিষদের সভাপতি রইজ উদ্দিন রকি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সেতুবন্ধন পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান।
বক্তারা বলেন, গ্রন্থাগার একটি আলোকিত সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বইপড়ার অভ্যাস গড়ে উঠলে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও মননশীলতা বিকশিত হয়। তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে পাঠাগারভিত্তিক সাংস্কৃতিক চর্চা জোরদার করা জরুরি।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বই পাঠ প্রতিযোগিতা। বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগী, সাহিত্যপ্রেমী, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।