বিএনপি জিতলে তিস্তা মহাপরিকল্পনা ও সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন হবে: তারেক রহমান


Saidpurer Alo প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ /
বিএনপি জিতলে তিস্তা মহাপরিকল্পনা ও সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন হবে: তারেক রহমান

নীলফামারী প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আশ্বাস দিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি যদি বিএনপি জয়লাভ করে, তবে উত্তরাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়ন করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, “আমাদের পরিকল্পনার মধ্যে অন্যতম হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এই অঞ্চলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় অবকাঠামো নির্মাণ, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করা এবং কিশোরগঞ্জ উপজেলাকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা।”

তারেক রহমান আরও বলেন, “এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নির্বাচন নয়; এটি জাতিকে পুনর্গঠনের নির্বাচন। জনগণের হারানো অধিকার ফেরানো এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার নির্বাচন এটি। ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পাঞ্চলে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।”

তিনি নীলফামারীর অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে বলেন, “নীলফামারী জেলা কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে পরিচিত। আমরা এই জেলাকে কৃষি অঞ্চল হাব হিসেবে গড়ে তুলব। আধুনিক কৃষি ও শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বৃদ্ধি করা হবে।”

চেয়ারম্যান আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে মানুষের হারা অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। বিগত ১৬ বছরে স্বৈরাচারী শাসন শুধু নিজেদের স্বার্থ দেখেছে। আমরা জনগণের সরাসরি সমর্থনে সরকার গঠন করতে চাই এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে উদ্যোগী হব।

জনসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভাস্থল পরিণত হয়েছিল জনসমুদ্রে, স্লোগান ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো বড় মাঠ।