জাপা নেতাদের বিএনপিতে যোগদান, বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারকে সমর্থনের ঘোষণা


Saidpurer Alo প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ণ /
জাপা নেতাদের বিএনপিতে যোগদান, বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারকে সমর্থনের ঘোষণা

সৈয়দপুরের আলোঃ সৈয়দপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে জাতীয় পার্টি (জাপা) থেকে বিএনপিতে একাধিক গুরুত্বপূর্ণ নেতার যোগদানের মাধ্যমে। বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, কাঁঠাল প্রতীকের প্রার্থী মির্জা মো. শওকত আকবর (রওশন) আনুষ্ঠানিকভাবে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে সমর্থন জানিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

একই সঙ্গে জাতীয় পার্টির দুই প্রভাবশালী নেতা উপজেলা সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক যুগ্ম সম্পাদক ফয়সাল দিদার দিপু তারাও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এই যোগদান ও সমর্থন ঘোষণার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার (৭ফেব্রুয়ারি) রাত ৯টায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে। অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন রাজনৈতিক সমাবেশে। এ সময় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে বিএনপির নেতৃত্বেই বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলা প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখেই তারা বিএনপিতে যোগদান ও সমর্থনের ঘোষণা দেন।

বক্তারা আরও বলেন, আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার একজন সৎ, শিক্ষানুরাগী ও জনবান্ধব রাজনীতিবিদ হিসেবে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে সৈয়দপুর–কিশোরগঞ্জ অঞ্চলে উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি নেতৃবৃন্দ বলেন, এই যোগদান প্রমাণ করে যে সৈয়দপুর অঞ্চলে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ গণতান্ত্রিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। এটি আসন্ন নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে বলে তারা মনে করেন।

অনুষ্ঠান শেষে নবযোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং বিএনপির ধানের শীষ প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এস এম মামুন আর রশীদ আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে সমর্থনের ঘোষণা দেন।