১ হাজার শয্যার হাসপাতাল হলে দেশের টাকা দেশেই থাকবে: এহছানুল হক


Saidpurer Alo প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ /
১ হাজার শয্যার হাসপাতাল হলে দেশের টাকা দেশেই থাকবে: এহছানুল হক

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে চীন সরকারের উপহারে এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে দেশের মানুষের উন্নত চিকিৎসা সেবায় বিদেশ নির্ভরতা কমবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক। তিনি বলেন, এতে করে দেশের বিপুল অর্থ বিদেশে ব্যয় হওয়া বন্ধ হবে এবং দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা দেশের মধ্যেই পাওয়া যাবে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারীর দারোয়ানী এলাকায় চীন সরকারের উপহারের হাসপাতাল নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক বলেন, “এই হাসপাতালটি নির্মিত হলে উত্তরাঞ্চলসহ দেশের মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। জটিল রোগের চিকিৎসার জন্য আর বিদেশে যেতে হবে না। ফলে সময় ও অর্থ দুটোরই সাশ্রয় হবে।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছু প্রার্থী রিটার্নিং কর্মকর্তাদের ওপর চড়াও হচ্ছেন এমন ঘটনা দুঃখজনক। তবে দায়িত্বপ্রাপ্ত জেলা ও উপজেলা পর্যায়ের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বলেন, “চড়াও হয়ে কোনো লাভ নেই। আইন ও বিধি অনুযায়ী নির্বাচন পরিচালিত হচ্ছে।”

এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।