নীলফামারী প্রতিনিধিঃ নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে নীলফামারীর ডিমলা উপজেলায় কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৪ জানুয়ারি) ডিমলা উপজেলার নটাবাড়ী এলাকায় নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত ও পরিবেশ বিনষ্ট করার দায়ে এক জন বালু ব্যবসায়ীকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি গোলাম রাব্বানী নটাবাড়ী এলাকার বাসিন্দা ও রোস্তম আলী ছেলে। তাকে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হচ্ছে, বাড়ছে নদীভাঙন এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। এসব অপরাধ দমনে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
উপজেলা প্রশাসন ডিমলা জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।