সৈয়দপুরের আলোঃ নীলফামারীর সৈয়দপুরে অনলাইনে জুয়া ও ভিসা প্রতারক চক্রের দুই সদস্য কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন।
আটককৃতরা হলেন উপজেলার ৩নং বাঙ্গালীপুর ইউনিয়নস্থ লক্ষণপুর পঞ্চায়েত পাড়া এলাকার আতাউর রহমান ওরফে আতিকের ছেলে মোঃ ইমন হোসেন (২০) ও মোঃ লিমন হোসেন (২৯)।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ সৈয়দপুরের আলো কে জানান, জেলা গোয়েন্দা নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাতে তাঁদের নিজ বাসায় অভিযান পরিচালনা করে তাঁদের দুইজনকে গ্রেফতার করে। এ সময় দুইজনের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন সৈয়দপুরের আলো কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁদেরকে আটক করা হয়েছে। আটকের পর মোবাইল ফোন পর্যালোচনায় ভিসা প্রতারণা সহ অনলাইনে জুয়া খেলার অ্যাপস সহ বিভিন্ন প্রমাণ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভিসা প্রতারণা সহ অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেন। পরে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।