নীলফামারীতেই হচ্ছে চীন সরকারের এক হাজার শয্যার হাসপাতাল


Saidpurer Alo প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ /
নীলফামারীতেই হচ্ছে চীন সরকারের এক হাজার শয্যার হাসপাতাল

সৈয়দপুরের আলোঃ অবশেষে নীলফামারীতেই হচ্ছে চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল।নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠে সাড়ে ২৫ একর জায়গার উপর নির্মিত হবে এই হাসপাতাল।

হাসপাতাল স্থাপনে ইতোমধ্যে মাষ্টার প্ল্যান প্রণয়ন ও বিভিন্ন স্থাপনার ব্যয়ে প্রাক্কলন তৈরির জন্য নোটিশ জারী করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।

চীন সরকারের উপহারের এই হাসপাতাল স্থাপন নিয়ে টানাহ্যাচড়া থাকলেও মন্ত্রনালয়ের এমন নোটিশে খুশি নীলফামারীর মানুষ। গত ৩০অক্টোবর মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারী করা নোটিশে স্বাক্ষর করেন উপ-সচিব ফাতিমা তুজ জোহরা ঠাকুর। অতীব জরুরী হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে নোটিশটি।

এ বিষয়ে গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান বলেন, চিঠিটি আমরা পেয়েছি। এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন বিষয়ে আমরা ডিজিটাল সার্ভে শুরু করেছি। গণপুর্ত বিভাগ ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, টেক্সটাইল এলাকায় ৬০ একরেরও বেশি সরকারী জায়গা রয়েছে। চীন সরকারের এক হাজার হাসপাতাল স্থাপনে ২৫একর জায়গা প্রয়োজন। ২৫একর জায়গা হাসপাতালের জন্য দিয়ে মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, মন্ত্রনালয় থেকে হাসপাতাল স্থাপনে ব্যয় এবং ডিজাইনের কাজ শুরু হয়েছে। আশা করা যায় নীলফামারীতে হচ্ছে হাসপাতালটি।